ইসলামী আন্দোলনের ওয়ার্ড সভাপতি যোগ দিলেন জামায়াতে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
ভোলার চরফ্যাশনে ইসলামী আন্দোলনের এক শীর্ষস্থানীয় নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ইসলামী আন্দোলন চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ও উপজেলা সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
মঙ্গলবার রাতে চরফ্যাশন পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার জামায়াতে ইসলামীর দলীয় ফরম পূরণের মাধ্যমে তিনি দলটিতে যোগ দেন।
জানা গেছে, মাওলানা আজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং চরফ্যাশনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তবে জামায়াতের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলামী আন্দোলন ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন বলেন, মাওলানা আজহারুল ইসলাম আগের মেয়াদের কমিটিতে দায়িত্বে ছিলেন, তবে বর্তমান কমিটিতে তিনি নেই।