গণভোটে ‘হ্যাঁ’ দিলে জামায়াত ভোট পাবে, ‘না’ দিলে বিএনপি- ভিডিও ভাইরাল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৩০ এএম

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভোট নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তা জামায়াত পাবে এবং ‘না’ ভোট দিলে তা যাবে বিএনপির ঝুলিতে।

জানা গেছে, ওই নারী রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছিলেন। ভিডিওতে তাকে কয়েকজন নারী ভোটারের সঙ্গে কথা বলতে দেখা যায়, যেখানে তিনি গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।

ভিডিওতে ওই নারী বলেন, “১২ তারিখে ‘হ্যাঁ’–‘না’ লেখা ছোট লিফলেটের মতো একটা কাগজ দেওয়া হবে। সেখানে আপনারা যদি ‘না’ ভোট দেন, তাহলে সেটা বিএনপি পাবে। আর ‘হ্যাঁ’ ভোট দিলে সেটা জামায়াত পাবে।”

তিনি আরও বলেন, “আপনারা কখনোই জামায়াতকে ভোট দেবেন না। ‘হ্যাঁ’-তে ভোট দেবেন না, ‘না’-তে ভোট দেবেন। অবশ্যই আমাদের মিনু ভাইকে ধানের শীষে ভোট দেবেন।”

ভিডিওর শেষ অংশে তাকে বলতে শোনা যায়, “আপনারা ‘না’ জয়যুক্ত করবেন এবং ধানের শীষে ভোট দেবেন।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, যেখানে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের অবস্থান নিয়েছে বলে দাবি করা হচ্ছে, সেখানে দলটির স্থানীয় নেতাকর্মীদের এমন বক্তব্য বিএনপিকেই বিতর্কিত করছে কি না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970