বগুড়ায় বিএনপি ও জাতীয় পার্টির ১২ নেতা যোগ দিলেন জামায়াতে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
বগুড়ার কাহালু উপজেলায় এক নির্বাচনী সভার মাধ্যমে বিএনপি ও জাতীয় পার্টির ১২ জন শীর্ষ পর্যায়ের নেতাসহ অর্ধশতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার জামগ্রাম ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামে অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগ সভায় তারা দলবদল করেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ নবাগত নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করেন।
জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন: জামগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল, জাতীয় পার্টির সাবেক ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি ও ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ফিরোজ তালুকদার, বিএনপি নেতা হেলাল উদ্দিন, বেলাল মণ্ডল, স্বপন মণ্ডল, আইয়ুব মণ্ডল, নজরুল ইসলাম, তোতা, বাছেদ ও বায়েজিদ। এছাড়া আরও অর্ধশতাধিক নেতা-কর্মী এই সভায় যোগ দেন।
ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “এই ১২ জন নেতার সঙ্গে আজকের যোগদানের মাধ্যমে আমরা বিজয়ী হওয়ার পথে আরও দৃঢ় হলাম। দোয়া করি আমরা সারাজীবন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে পারি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. আব্দুল লতিফ শিশির। বিশেষ অতিথি ছিলেন জামগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আবু ইউসূফ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।