ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে: হাসনাত আবদুল্লাহ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করা হলে হাসিনার মতোই পরিণতি ভোগ করতে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এবারের নির্বাচনে ভোট চুরি ঠেকাতে জুলাই আন্দোলনের মতো মা-বোনেরা রাস্তায় রাস্তায় অবস্থান নেবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় জামায়াত আমির মাওলানা তাজুল ইসলাম।

হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণ প্রজন্ম, জুলাই আন্দোলনের যোদ্ধা, কৃষক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ শক্তিতেই ভোট ডাকাতি রুখে দেওয়া হবে। যারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের কর্মী ও নেতাদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এ জন্য আলাদা করে কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় মা-বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের পানি খাইয়েছেন। সেই মা-বোনেরাই এবার ভোট চুরি ঠেকাতে সামনে থাকবে।

ভোট চুরি ও কেন্দ্র দখলের পরিকল্পনা এখনো চলছে দাবি করে হাসনাত বলেন, যারা এসব অপচেষ্টায় লিপ্ত, তারা সাবধান হয়ে যান। এই দেশে হাসিনা পালানোর পর ভোট চুরির রাজনীতি শেষ হয়ে গেছে। যারা আবারও একই পথে হাঁটবে, তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ফজরের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষ অনেক রক্ত দিয়েছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, সেই অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল অপপ্রচার চালাচ্ছে যে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে। অথচ হ্যাঁ ভোটের শর্তে এমন কোনো কথা নেই। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে দুটি ভোট দিতে হবে—একটি শাপলা কলিতে, আরেকটি হ্যাঁ ভোটে। ভবিষ্যৎ বাংলাদেশ হ্যাঁ ভোটের মাধ্যমেই গড়ে উঠবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970