‘এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে ফ্যামিলি কার্ড নেওয়ার লোক থাকবে না’
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
নোয়াখালী-৬ আসনে দশ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসাউদ বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ফ্যামিলি কার্ড নেওয়ার মতো কেউ থাকবে না। সবাই হবে স্বাবলম্বী। গতকাল এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
হান্নান মাসাউদ বলেন, নির্বাচন এলেই ফ্যামিলি কার্ডের ঘোষণা আসে। কিন্তু বাস্তবে বৃদ্ধ ভাতা পান না প্রকৃত বৃদ্ধরা, বিধবা ভাতা যায় নেতাদের স্ত্রীদের হাতে। ১০ টাকার চাল গরিবদের জন্য বরাদ্দ থাকলেও তা পায় ক্ষমতাসীনদের লাঠিয়ালরা। এভাবে দেশের মানুষকে গরিব রেখে তাদের ওপর নির্ভরশীল করে রাখার রাজনীতি চলছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের আমিরে জামায়াত ঘোষণা দিয়েছেন— এমন সমাজ গড়া হবে, যেখানে সবাই স্বাবলম্বী হবে এবং ফ্যামিলি কার্ড নেওয়ার প্রয়োজনই থাকবে না। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।
নোয়াখালীতে সম্প্রতি রাজনীতি করার কারণে এক নারীকে হেনস্তার ঘটনার প্রসঙ্গ টেনে হান্নান মাসাউদ বলেন, নারী বিদ্বেষীদের বিরুদ্ধে নোয়াখালীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
আওয়ামী লীগ ও বিএনপিকে একাকার বলে মন্তব্য করে তিনি বলেন, চোরে চোরে মাসতুতো ভাই— সকল সন্ত্রাসী ও চাঁদাবাজ এক হয়ে গেছে। এমনকি নিজের ভাইয়ের হত্যাকারীদের নিয়েও হাসিমুখে মিছিল করছে। এই অমানবিকতার বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে তিনি আরও বলেন, ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করবে, জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করবে এবং দেশকে বিদেশি প্রভাবমুক্ত করবে।