হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ শতাধিক আহত, দেড়শ ভাঙচুর-অগ্নিসংযোগ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি প্রায় দেড়শ স্থানে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার সোনাদিয়া, বুড়িরচর, চরইশ্বর ও চানন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বহু বাড়িঘর ভাঙচুর ও তছনছ করা হয়েছে। কোথাও দোকানপাট আগুনে পুড়ে গেছে। আহতদের অনেকেই স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। কিছু এলাকায় চাঁদাবাজির অভিযোগও উঠেছে।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত বিরোধও এসব সহিংসতার পেছনে কাজ করেছে। ভীতি সৃষ্টি ও এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে।

গত রোববার (১৫ ফেব্রুয়ারি) সোনাদিয়া ইউনিয়নের রিয়াজ মার্কেটে হামলার প্রতিবাদে মানববন্ধন করেন কয়েকটি ভুক্তভোগী পরিবার। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের ফল ঘোষণার পর প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা ও মারধর চালিয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় ২৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, চানন্দী ইউনিয়ন ও চরইশ্বর ইউনিয়নেও পাল্টাপাল্টি হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন স্থানে বাড়ি, দোকান, যানবাহন পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

সহিংসতার বিষয়ে এনসিপির উপজেলা আহ্বায়ক সামছুল তীব্রিজ দাবি করেন, তাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং ৩৬টি বাড়িতে ভাঙচুর হয়েছে। বিপরীতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি বলেন, তাদের পক্ষের দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং শতাধিক বাড়িতে হামলা হয়েছে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম জানান, প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন–পরবর্তী এ সহিংসতায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের প্রত্যাশা— প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970