পাচারের উদ্দেশ্যে বন্দি নারী শিশুসহ ৫৫ জন উদ্ধার, আটক ৫

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের ৫ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়ার জন্য আটক রাখা নারী ও শিশুসহ মোট ৫৫ জনকে উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আটক ব্যক্তিরা হলেন—বাহারছড়ার নোয়াখালীপাড়া এলাকার নবী হোসেন (২৭), মহেশখালীর কেরুনতলী এলাকার মো. রায়হান (২০), বাহারছড়ার বড় ডেইল এলাকার মাহফুজ উল্লাহ (১৮), উখিয়ার কুতুপালং ১ নম্বর ক্যাম্পের শফিক আলম (২২) ও একই ক্যাম্পের লাল মিয়া।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাহারছড়া উপকূলীয় এলাকায় বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশুকে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এর ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ আউটপোস্টের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ৩ জন নারী, ৩৯ জন পুরুষ ও ১৩ জন শিশুসহ মোট ৫৫ জনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দালালচক্র উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে বিদেশে পাঠানোর পরিকল্পনা করছিল।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ও উদ্ধারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970