মসজিদে টিকটক করায় বিদ্যালয় থেকে ছাত্রী বহিষ্কার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:৫৩ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুলড্রেস পরে মসজিদে টিকটক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল বিভাগের জেনারেল ইলেকট্রনিক্স শাখার ওই ছাত্রীকে ছাড়পত্র দেওয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি ওই শিক্ষার্থী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নেচে-গেয়ে টিকটক ভিডিও ধারণ করেন। পরে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি পরে বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হক বলেন, তিনি বিদ্যালয়ের সভাপতি হলেও তাকে না জানিয়েই ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীর অভিভাবক তার সঙ্গে দেখা করবেন বলে শুনেছেন। মেয়েটির ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।