দিনাজপুরে জমি বিরোধে বাবা ও ভাইকে পিটিয়ে হত্যা, পলাতক যুবক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০৯ পিএম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের এক সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার চাম্পাতলী বাজারের উত্তরে পলাশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুলু মিয়া (৭০) এবং তার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুলু মিয়ার পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে পারিবারিক সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
এক পর্যায়ে অভিযুক্ত ছেলে তার বাবা ও ভাইয়ের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুলু মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।