তারাবির নামাজ চলাকালীন মসজিদে ঢুকে নামাজরত ছাত্রশিবির নেতাকে পিটিয়ে জখম
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে তারাবির নামাজ চলাকালীন মসজিদের ভেতর থেকে ছাত্রশিবির–এর এক নেতাকে টেনে বের করে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
ঘটনা ঘটে শুক্রবার রাতে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জমির মাঝির মসজিদে। আহত যুবকের নাম জিহাদ (২০), তিনি বাউরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জিহাদ মসজিদে ইবাদতরত অবস্থায় ছিলেন। এরপর জাসিব, নিরব ও নাঈমসহ কয়েকজন ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক টেনে আঙিনায় নিয়ে আসে। সেখানে রাজনৈতিক প্রতিহিংসামূলক স্লোগান দিয়ে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। উপস্থিত মুসল্লিরা বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীদের সশস্ত্র অবস্থানের কারণে পিছু হটতে বাধ্য হন।
জিহাদের সহকর্মীরা অভিযোগ করেছেন, সাম্প্রতিক নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করা এবং দলীয় আদর্শগত বিরোধের কারণে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলার পর জিহাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও রক্তক্ষরণের চিহ্ন রয়েছে।
পবিত্র রমজান মাসে মসজিদের ভেতরে এমন বর্বরোচিত হামলায় সাধারণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
সন্দ্বীপ থানার ওসি জায়েদ নূর জানান, পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।