খাদ্যবান্ধব কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রাম পুলিশের মারামারি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে খাদ্যবান্ধব কার্ড বিতরণকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা ও গ্রাম পুলিশের মধ্যে মারামারি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউনিয়নের হতদরিদ্রদের জন্য মোট ৮৮টি খাদ্যবান্ধব কার্ড বরাদ্দ করা হয়েছিল। ইউনিয়ন প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার কার্ড বিতরণের তালিকা প্রস্তুতির জন্য স্থানীয় বিএনপি নেতাদের কাছে প্রেরণ করেন।
বিতরণ তালিকায় গ্রাম পুলিশ রাকিব দুইজন হতদরিদ্রের নাম অন্তর্ভুক্ত করেন। এ নিয়ে যুবদল নেতা এমরান চৌধুরী কৈফিয়ত চাইলে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা এবং শেষে মারামারির ঘটনা ঘটে। এই সংঘর্ষে গ্রাম পুলিশ রাকিবের হাতে এবং এমরান চৌধুরীর মাথায় রক্তাক্ত জখম হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাকিব সম্প্রতি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকরি পেয়েছেন এবং ভাদাদিয়া ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন। ইউনিয়ন পরিষদের প্রশাসক নার্গিস আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, “শুনেছি দু’জনের মধ্যে মারামারি হয়েছে।”
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বিষয়টি জানেন।