‘এমপিকে দেখাতে’ ভর্তি রোগী সরিয়ে দিয়ে স্বাস্থ্যকেন্দ্র দখল নির্বাচনে আহত নেতাকর্মীদের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

ছবি: সংগৃহীত

শপথ গ্রহণের এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও নির্বাচনে আহত নেতাকর্মীদের দেখতে যান। তবে এমপির আগমনের কারণে হাসপাতালের আগে থেকে ভর্তি রোগীদের শয্যা থেকে সরিয়ে আহত নেতাকর্মীদের সাময়িক ভর্তি করা হয়।

পরিদর্শনের সময় এমপির সঙ্গে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত থাকায় হাসপাতালে ভর্তি রোগী ও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। জরুরি বিভাগ ও ওয়ার্ড এলাকায় অতিরিক্ত ভিড়ের কারণে চলাচল ও চিকিৎসা বিলম্ব হয়। শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগী জানান, তাদের রুম থেকে বাইরে বসতে বলা হয় এবং পরে এমপির আগমনের জন্য আহত নেতাকর্মীদের শয্যা দেওয়া হয়। এমপি চলে যাওয়ার পর নেতাকর্মীরাও চলে যান।

হাসপাতাল সূত্র জানায়, সকাল আনুমানিক ১০টার দিকে ২৩ জন রোগী ভর্তি ছিলেন, বিকেল পর্যন্ত তারা চলে যান। এক নার্স জানিয়েছেন, “ভর্তির তালিকা আমাদের কাছে আছে, কিন্তু বর্তমানে রোগীরা হাসপাতালে নেই।”

সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম মুঠোফোনে বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি সাধারণ রোগীদের সঙ্গে কথা বলেছি। অসুস্থ নেতাকর্মীদের দেখতে বলেছিলাম।” আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দীন চৌধুরী জানান, আহত নেতাকর্মীরা আগে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পুনরায় চিকিৎসা নিতে এখানে এসেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970