চাঁদাবাজির অভিযোগে বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে স্থানীয় এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। পরে তারা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগীরা হয়রানি, নির্যাতন ও দখলবাজির নানা অভিযোগ তুলে ধরেন। বক্তারা দাবি করেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. রুহুল রাঢ়ী ও তার অনুসারীদের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। স্থানীয়দের অভিযোগ, নিজেদের জমিতে চাষাবাদ করতে বাধা দেওয়া হচ্ছে এবং জোরপূর্বক তরমুজ চাষিদের কাছে জমি বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ করলে মারধর ও মিথ্যা মামলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ ওঠে।
এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে। এতে করে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছেন হাজারো বাসিন্দা।
চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আহসান হাবিব বলেন, ইউনিয়নের অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করেন। কৃষিকাজ ও নদীতে মাছ ধরা তাদের প্রধান জীবিকা। তবুও নিয়মিত চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান বক্তারা।
অভিযোগ অস্বীকার করে রুহুল রাঢ়ী বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে তাকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।