চাঁদপুরে হাট-বাজার ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে হাট-বাজার ইজারার টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছেঙ্গারচর পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা বদরুজ্জামান (৫৫), সায়েম (২০), সফিউল্লাহ (৩৫)সহ আরও দুজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

যুবদল নেতা আবু সাঈদ বেপারী অভিযোগ করেন, শিডিউল জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর কয়েকজন শিডিউল নিয়ে আসেন। এ সময় তারা বাধা দিলে তাদের কর্মী সফিউল্লাহকে মারধর করা হয়।

অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার ও পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধান দাবি করেন, প্রশাসনের কারসাজির মাধ্যমে একপক্ষের শিডিউল গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী টেন্ডার বাক্স উপজেলা, থানা ও পৌরসভায় রাখার কথা থাকলেও তা শুধু পৌরসভায় রাখা হয় বলে অভিযোগ করেন তারা।

তাদের ভাষ্য, শিডিউল জমা দিতে গেলে যুবদল নেতা আবু সাঈদ ও উজ্জ্বল ফরাজীর সমর্থকেরা বাধা দেন এবং বিএনপি নেতা বদরুজ্জামানসহ কয়েকজনকে আহত করেন। পাশাপাশি ছেঙ্গারচর পৌরসভার হাট-বাজার ইজারা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান তারা।

মতলব উত্তর থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল বলেন, শিডিউল জমা দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, একপক্ষ অন্যপক্ষকে বাধা দেওয়ার বিষয়টি জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত ছিল। নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে তারা আসে। শিডিউল জমা দিতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970