চাঁদার টাকা না পেয়ে প্রবাসীর মালামাল লুট করলেন সাবেক ছাত্রদল নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে মালামাল লুটের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী বাছেদ মিয়ার স্ত্রী জানান, তারা অন্য এলাকা থেকে এসে জমি কিনে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। এ সময় মাসুদুর রহমান মাসুদ, তার বড় ভাই সাদিক, ছোট ভাই মাসুম ওরফে বল্লা মাসুমসহ কয়েকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্বাচনের সময় তারা কোনো বাধা দেননি। তবে নির্বাচন শেষে পুনরায় টাকার জন্য চাপ দিতে থাকেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বিকেলে তাদের লোকজন এসে নির্মাণাধীন ভবনের রড নিয়ে যায়। বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দাবিকৃত টাকা না দিলে মেয়ের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এতে পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে।

এ বিষয়ে অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, বিষয়টি তাদের জানা ছিল না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970