বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ, নেতৃত্বে আওয়ামী লীগ নেতা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
গাজীপুরের গাছা এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় একটি বিএনপি কার্যালয় এবং এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিএনপি নেতা ও স্থানীয়দের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে ৭০ থেকে ৮০ জনের একটি দল গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ভাঙচুর চালিয়ে পাশের বিএনপি কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালায়।
অভিযোগ রয়েছে, হামলার সময় তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়াউর রহমান-এর ছবি ভাঙচুর করা হয়। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় সাত লাখ টাকা নগদ অর্থ, একটি ৫৬ ইঞ্চি টেলিভিশনসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, পোশাক কারখানার ঝুট ব্যবসা ও ইন্টারনেট সংযোগ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাহীন মিয়া বলেন, তিনি প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছিলেন। একটি প্রভাবশালী মহল ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চাপ সৃষ্টি করছিল। দাবি না মানায় প্রথমে তার দোকানে হামলা চালানো হয়, পরে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় তিনি গাছা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ব্যবসা-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।