মহাসড়কে বিএনপি নেতা হুমায়ুন-শাহীনের নেতৃত্বে চাঁদাবাজি, আটক ৯

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে ১০০ টাকার খাজনার পরিবর্তে দুই থেকে তিন হাজার টাকা আদায়ের অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ। তবে অভিযোগের মূলহোতা হিসেবে অভিযুক্ত বিএনপি নেতা হুমায়ূন কবির ও শাকিল হোসেন শাহীনের গ্রেপ্তার এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—আব্দুর রব (৪৭), আবুল বাশার (৪৮), জাকারিয়া ইসলাম (২৮), আনোয়ার (৪২), বিল্লাল হোসেন (৪৫), নেসার উদ্দিন (৩৭), মোহাম্মদ ইব্রাহিম (২৭), সাব্বির হোসেন (২১) ও মো. জুয়েল (৩৬)। তারা বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি হুমায়ূন কবির এবং একই ইউনিয়নের সদস্য শাকিল হোসেন শাহীন বাজার ইজারা নেওয়ার পর খাজনার নামে মহাসড়কে চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন নিমসার বাজারে দীর্ঘদিন ধরে এভাবে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছিল।

ব্যবসায়ীরা জানান, ১০০ টাকার নির্ধারিত খাজনার স্থলে কয়েক গুণ বেশি টাকা আদায় করা হচ্ছিল। প্রতিবাদ করার সাহস পাননি কেউ।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেকের নেতৃত্বে অভিযানে নয়জনকে গ্রেপ্তার করা হয়।

নিমসার বাজারের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, ইজারার নামে কোনো নিয়মনীতি মানা হচ্ছিল না। ১০০ টাকার পরিবর্তে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, কয়েকদিন ধরে খাজনার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ছিল। অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970