ছাত্রদল নেতার নেতৃত্বে যুবদল নেতার দুই পায়ের রগ কেটে হত্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম
খুলনার খুলনা দিঘলিয়া উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে যুবদল নেতা মো. মুরাদ খাঁকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, থানা ছাত্রদল নেতা সাজ্জাদ ও তার ভাই সজিবের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থানের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মুরাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুরাদ খাঁ সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি স্থানীয় মুনসুর খাঁর ছেলে। অভিযুক্ত সাজ্জাদ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিহতের স্বজনদের দাবি, প্রায় এক সপ্তাহ আগে মুরাদের সঙ্গে সাজ্জাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও তা সফল হয়নি। শুক্রবার সন্ধ্যার দিকে মুরাদ বকশিবাড়ির দিকে গেলে সাজ্জাদ ও তার ভাই সজিবসহ কয়েকজন তাকে ঘিরে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে ৪-৫ জনের একটি দল মুরাদের গতিরোধ করে হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি বকশিবাড়ি মসজিদসংলগ্ন একটি দোকানে আশ্রয় নেন। তবে হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে পুনরায় আক্রমণ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনা। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।