চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর, আহত ৩
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এলাকায় বিয়ে বাড়িতে চাঁদার দাবিকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। তারা সম্পর্কে বরের বাবা, ভাই ও জ্যাঠা।
পরিবার সূত্রে জানা যায়, জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের এলাকার বাসিন্দা মহনের নেতৃত্বে কয়েকজন কিশোর বাড়িতে এসে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তা কমিয়ে ৩০ হাজার টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত তিন হাজার টাকা দিতে রাজি হয় বরপক্ষ। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়।
আহত ত্রিনাথ বিশ্বাস জানান, তারা প্রবাস থেকে ভাইয়ের বিয়েতে দেশে এসেছেন। ঘটনার সময় বাড়িতে অনুষ্ঠান চলছিল এবং তারা ক্যারাম খেলছিলেন। হঠাৎ কয়েকজন কিশোর এসে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। এছাড়া তার ও ছোট ভাইয়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার বলেন, বিয়ে বাড়িতে এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মোল্লা জানান, ঘটনার সময় তারা তারাবির নামাজে ছিলেন। পরে খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে মতলব উত্তর থানা-এর পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি ও সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।