বগুড়ায় জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম
বগুড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সাইফুল ইসলাম (৪৫) নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) সকালে শহরের মাহবুবনগর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। একই ঘটনায় তারেক (৩০) নামে আরও একজন আহত হয়েছেন।
নিহত সাইফুল ইসলাম বগুড়া শহরের খান্দার এলাকার মৃত নওশেদ আলীর ছেলে। তার আদি বাড়ি নন্দীগ্রাম উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার ওলামা বিভাগের রুকন ও দায়িত্বশীল ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শহর জামায়াতের প্রচার সম্পাদক ইকবাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে মাহবুবনগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল ইসলাম ও তারেকের ওপর হামলা চালায়। এ সময় তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা সকাল ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জরুরি বিভাগে ভর্তির পরামর্শ দেন।
সাইফুল ইসলামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ আবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। আটকরা হলেন খান্দার ভিআইপি সড়ক এলাকার মেহেদী হাসান টিটু ও মোস্তাকিন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।