তারাবির নামাজ শেষে ইমামকে টেনেহিঁচড়ে নিয়ে মারধরের অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতে এক মসজিদের ইমামকে তারাবির নামাজ শেষে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে চরকিং ইউনিয়নের ৭ নম্বর চরবগুলা ওয়ার্ডের একটি মসজিদে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মসজিদের ইমাম মাওলানা রবিউল হোসাইন তারাবির নামাজ আদায় শেষে বের হলে তাকে জোরপূর্বক বাইরে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত নির্বাচনে তিনি ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই ঘটনার জেরে পূর্বশত্রুতার ধারাবাহিকতায় তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।
অভিযুক্ত হিসেবে ৭ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেন (২৪), পিতা: জামাল উদ্দিন; রুবেল (২৬), পিতা: আবুল হোসেন; ওসমান, সুমন, কালা মিরাজসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।
এ বিষয়ে হাতিয়ার সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, বিগত সময়ে যারা স্বৈরাচারী শক্তির সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা এখন বিএনপির ছত্রছায়ায় থেকে পুনরায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তিনি প্রশাসনের প্রতি দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।
অন্যদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।