মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলায় ভিজিএফের চাল বিতরণ ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দিন কালু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এলাঙ্গী গ্রামের মোশাররফ হোসেন কালু, স্থানীয় নেতা খাইরুল ইসলাম ও রাসেল আহমেদ রয়েছেন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গরিবদের জন্য বরাদ্দ বিভিন্ন সুযোগ-সুবিধা নিজস্ব লোকজনের মধ্যে বণ্টনের অভিযোগ ওঠে। এর প্রতিবাদ জানাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদে জড়ো হন। সকাল ১০টা থেকেই উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দিন কালুর সমর্থকেরা কড়ইগাছি মোড়ে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলামের সমর্থকেরা ইউনিয়ন পরিষদের ভেতরে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন।
একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দিন কালু ও তার সমর্থকদের দাবি, সারগিদুল ইসলাম অবৈধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।