বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ একই পরিবারের ৯ সদস্যের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর উপজেলা পরিষদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। পরে বিকেল সোয়া ৩টার দিকে পৌর কবরস্থানে দাফন কার্যক্রম শুরু হয়। প্রথমে পরিবারপ্রধান আ. রাজ্জাকের দাফন সম্পন্ন করা হয়। এরপর পর্যায়ক্রমে পরিবারের অন্য সদস্যদের দাফন করা হয়।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের আওতায় আর্থিক সহায়তা দেওয়া হবে। এরই মধ্যে নিহত মাইক্রোবাস চালকের পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

অন্যদিকে কনে পক্ষ থেকেও চারজন নিহত হয়েছেন। তারা হলেন নববধূ মার্জিয়া আক্তার (মিতু), তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম এবং নানি আনোয়ার বেগম। তাদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার নকশা গ্রামে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার খুলনার কয়রা উপজেলা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস মোংলার উদ্দেশ্যে ফিরছিল। পথে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে একটি স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং সৃষ্টি হয় হৃদয়বিদারক এক ট্র্যাজেডি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970