খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না: আহমাদ হানজালা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম

ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বিএনপিকে নিয়ে করা তার মন্তব্যের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শিবচর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দেন তিনি। সেই অনুষ্ঠানে দেওয়া তার প্রায় চার মিনিটের বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার রাত থেকেই ভিডিওটি ব্যাপকভাবে প্রচার হতে থাকে।

ভিডিওতে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, দেশের প্রবাসী ও সাধারণ মানুষ তাদের ওপর আস্থা রেখেছেন এবং ভোট দিয়ে বিজয়ী করেছেন। তাই দায়িত্বশীলভাবে রাজনীতি করতে হবে। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে শিবচরের কিছু বিএনপি নেতা তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য ও লেখালেখি করছেন।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর তিনি কিংবা তার নেতাকর্মীরা কারও সঙ্গে খারাপ আচরণ বা হুমকি-ধমকি দেননি। তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে শিবচরের সব মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলেও উল্লেখ করেন।

বক্তব্যে তিনি আরও বলেন, তার নীরবতাকে কেউ দুর্বলতা মনে করলে তা ভুল হবে। তিনি দাবি করেন, তিনি চাইলে কঠোর অবস্থান নিতে পারতেন, তবে তিনি শান্তি ও সহাবস্থানের রাজনীতি করতে চান।

এক পর্যায়ে বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আমি হানজালা যদি খোঁচাখুঁচি শুরু করি, তাহলে বিএনপি এ দেশে থাকতে পারবে না।” একই সঙ্গে তিনি দাবি করেন, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন তারা শিবচরকে কেন্দ্র করে কাজ করেন, আর তিনি পুরো বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন।

এ সময় তিনি প্রতিহিংসা ও আধিপত্যের রাজনীতি না করে সবাইকে ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

হানজালা আরও বলেন, তার জায়গায় অন্য কেউ থাকলে অনেকের বাড়িঘরে থাকা বা চলাফেরা করাও কঠিন হয়ে যেত। তবে তিনি শিবচরের মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করেছেন এবং তার বিরুদ্ধে সমালোচনা করার সুযোগও দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

এদিকে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর শিবচর উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, একজন সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়।

এ বিষয়ে শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, বর্তমান এমপি ও তার পরিবার অতীতে আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে যুক্ত ছিলেন। তার মতে, শিবচরের শান্ত পরিবেশকে উত্তপ্ত করতেই বিএনপিকে নিয়ে এমন মন্তব্য করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970