বরিশালে বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৬:৫১ পিএম

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির এক নেতা ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। আহতরা হলেন মো. রফিক হাওলাদার (৪০) ও তার স্ত্রী মোসা. সালমা বেগম (৩০)। বর্তমানে তারা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভান্ডারীকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ছাত্রলীগের কর্মী নয়ন হাওলাদার রফিক হাওলাদারের বাড়ির পল্লী বিদ্যুতের মিটার থেকে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নেওয়ার চেষ্টা করেন। এ সময় রফিক হাওলাদার বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নয়ন হাওলাদার ও উজ্জ্বল হাওলাদার লাঠি দিয়ে তাকে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা সালমা বেগমকে মারধর করে এবং তার শ্লীলতাহানিরও অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজন তাদের চিৎকার শুনে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা গেছে, অভিযুক্ত নয়ন হাওলাদার ভান্ডারীকাঠি গ্রামের নজরুল হাওলাদারের ছেলে এবং উজ্জ্বল হাওলাদার একই গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।

আহত বিএনপি নেতা মো. রফিক হাওলাদার বলেন, বিদ্যুতের অবৈধ সংযোগ দিতে রাজি না হওয়ায় নয়ন হাওলাদার ও উজ্জ্বল হাওলাদার তার ওপর হামলা চালান এবং তার স্ত্রীকেও মারধর করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970