স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বিএনপি নেতাকে জুতাপেটা ও লাখ টাকা জরিমানা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম
লক্ষ্মীপুরের রায়পুরে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শুক্কুর মিঝি নামে বিএনপির এক নেতাকে জুতাপেটা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠুর চরমোহনা গ্রামের বাড়িতে আয়োজিত এক শালিস বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
নাজমুল ইসলাম মিঠু জানান, ভুক্তভোগী মেয়েটির মা নেই এবং পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। তাদের অনুরোধে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।
এর আগে রোববার বেলা ১১টার দিকে রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের চালতাতুলি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে রোববার সন্ধ্যায় শুক্কুর মিঝিকে তার বাড়ি থেকে থানায় নিয়ে যাওয়া হয়। সোমবার দুপুর পর্যন্ত তিনি থানা হেফাজতে ছিলেন।
অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী। রোববার সকালে ময়লা ফেলতে ঘর থেকে বের হলে অভিযুক্ত শুক্কুর মিঝি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে পাশের একটি কক্ষে নিয়ে যান এবং যৌন হয়রানির চেষ্টা করেন। এ সময় কিশোরীর চিৎকারে তার স্বজনরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগীর খালা থানায় শুক্কুর মিঝি ও তার মেয়ের জামাই জালাল উদ্দিন রানার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ রয়েছে, জালাল উদ্দিন রানা ভুক্তভোগী পরিবারকে আইনি পদক্ষেপ না নিতে হুমকি দেন।
ভুক্তভোগীর খালা অভিযোগ করেন, অভিযুক্তদের পক্ষ থেকে তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। শালিস বৈঠকে এক লাখ টাকা জরিমানা ও জুতাপেটার মাধ্যমে অভিযুক্তকে ক্ষমা চাইতে বাধ্য করা হলেও এখনো তারা টাকা পাননি।
অন্যদিকে অভিযুক্ত জালাল উদ্দিন রানা অভিযোগ অস্বীকার করে বলেন, এটি একটি মিথ্যা অভিযোগ এবং বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য তিনি চেষ্টা করেছিলেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, শুক্কুর মিঝিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল, তাকে আটক করা হয়নি। অভিযোগকারী পক্ষ মামলা না করার কথাও জানিয়েছে।