চেয়ারম্যানকে আটকে ভিজিডির ৪০০ কার্ড নিয়ে গেলেন বিএনপি নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটকে রেখে জোরপূর্বক ভিজিডি ও ভিজিএফের প্রায় ৪০০টি কার্ড নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ মার্চ) ময়নামতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, একই ইউনিয়নের বিএনপির সভাপতি সালাহ উদ্দিন ইউপি চেয়ারম্যান লালন হায়দারের কাছ থেকে এসব কার্ড জোর করে নিয়ে যান।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি ও ভিজিএফ কর্মসূচির কার্ডগুলো ক্ষমতার অপব্যবহার করে নিয়ে যাওয়া হয়েছে। এতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সালাম বলেন, সরকারি এসব সহায়তা জনপ্রতিনিধিদের মাধ্যমে সরাসরি জনগণের হাতে পৌঁছানোর কথা। সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এত সংখ্যক কার্ড সরিয়ে নেওয়া অত্যন্ত উদ্বেগজনক। তিনি দ্রুত কার্ডগুলো উদ্ধার করে প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে বিতরণের দাবি জানান।

এ বিষয়ে ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার বলেন, স্থানীয় সরকার আইন অনুযায়ী এসব কার্ডের দায়িত্ব জনপ্রতিনিধিদের ওপর ন্যস্ত। রাজনৈতিক কোনো নেতার এ ধরনের কার্ড নেওয়ার সুযোগ নেই। তবে অভিযুক্ত ব্যক্তি ক্ষমতাসীন দলের হওয়ায় তিনি জোর করে কার্ড নিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের বলেন, এসব কার্ড বিতরণের দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধিদের। এখানে রাজনৈতিক ব্যক্তির হস্তক্ষেপের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

অভিযুক্ত বিএনপি নেতা সালাহ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। এরপর তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970