চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামের ৭০ বছর বয়সী মোতালেব আকন চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, মোতালেব আকন একদিন নিজ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। এরপর থেকে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজে বেড়ান। একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় তার অবস্থান সম্পর্কে জানতে পারেন তারা।
অভিযোগ রয়েছে, বরগুনার আমতলী উপজেলার সারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় নিরব (২৭), জহির হাওলাদার (২৮), আল-আমিন (৩০)সহ অজ্ঞাত আরও সাত থেকে আটজন তাকে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় প্রথমে বরিশাল হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মোতালেব আকন মারা যান।
এ ঘটনায় তালতলী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিহতের বড় ছেলে মোয়াজ্জেম আকন বাদী হয়ে মামলা করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মোতালেব আকন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তারা বলেছেন, একজন অসুস্থ মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা কখনোই গ্রহণযোগ্য নয়। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।