ঈদের দিনে জামালপুরে শতাধিক মানুষসহ নদীতে ভেঙে পড়ল ব্রিজ, নিহত ৩ শিশু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে গেছেন শতাধিক মানুষ। এ ঘটনায় এখন পর্যন্ত তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে প্রতি বছরই ওই ব্রিজ ও আশপাশ এলাকায় মানুষের ব্যাপক ভিড় হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষ জড়ো হন। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে।
এ সময় ব্রিজের ওপর থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুবিন খান জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।