কলার মোচা দেখিয়ে ট্রেন থামালেন বৃদ্ধ, প্রাণে বাঁচল কয়েকশ যাত্রী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম
দিনাজপুরের ফুলবাড়ীতে সম্ভাব্য ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা করেছেন এক বৃদ্ধ দিনমজুর। নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কলার মোচার লাল পাপড়ি দিয়ে সংকেত দেখিয়ে তিনি থামিয়ে দেন দ্রুতগামী ট্রেন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী-বিরামপুর রেলপথের ৩৫২/৫ থেকে ৩৫২/৬ কিলোমিটারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সী এনামুল হক সকালে কাজের উদ্দেশে রেলপথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পান প্রায় এক ফুট রেললাইন ভাঙা। তাৎক্ষণিকভাবে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানাতে বলেন এবং আসন্ন ট্রেন থামানোর উদ্যোগ নেন।
পাশের একটি কলাবাগান থেকে কলার মোচা এনে তার লাল পাপড়ি লাঠির সঙ্গে বেঁধে বিপদের সংকেত তৈরি করেন এনামুল হক। এরপর নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন।
এর মাত্র কয়েক মিনিট পর ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে চালক লাল সংকেত দেখে দ্রুত ট্রেন থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।
পরে এনামুল হকের ছেলে শাহিনুর রহমান বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে প্রায় আধা ঘণ্টার মধ্যে প্রকৌশলী দল ঘটনাস্থলে পৌঁছে রেললাইন মেরামত করে। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
ঘটনার পর এনামুল হককে বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, তিনি কাজের সন্ধানে ফরিদপুরে গেছেন।
ফুলবাড়ী রেলওয়ের স্টেশনমাস্টার শওকত আলী বলেন, খবর পাওয়ার পর দ্রুত রেললাইন মেরামত করা হয়েছে এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ওই সময় প্রায় ৪৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। স্থানীয়দের সচেতনতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি।