দুধ দিয়ে গোসল করা আওয়ামী সম্পাদক মাসুদ কারাগারে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৭:২৭ পিএম
কুমিল্লার দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান মাসুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে তিনি কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ বেলাল তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দেবিদ্বারে আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলাসহ তিনটি হত্যাকাণ্ড ও একাধিক মারামারির মামলার আসামি মাসুদ। তিনি স্থানীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। এলাকায় তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার, জুলুম ও নির্যাতনের অভিযোগও রয়েছে।
এর আগে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর গত ১৭ আগস্ট দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন কামরুজ্জামান মাসুদ। পরে নিজেকে ‘পবিত্র’ করতে বাড়ির ছাদে উঠে দুধ দিয়ে গোসল করেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মঈন উদ্দিন বলেন, “চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”