বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:৪৩ পিএম
বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং সন্ত্রাসীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। তখন তিনটি মোটরসাইকেলে করে ছয় জন হেলমেট পরিহিত যুবক বাড়ির মধ্যে প্রবেশ করে। তারা পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া দেয়। আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলেও খালের পাড়ে পড়ে গিয়ে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশ, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের সনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে ৭ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলাস (২৭) নামের এক যুবককে উদ্ধার করা হয়। ঠিক সাতদিন পর ১৪ মার্চ রাতে মোল্লাহাট উপজেলা সদর বাজার থেকে বাড়ি ফেরার পথে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। সোহাগ হত্যার ঘটনায় মামলা হয়েছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।