রৌমারী-ঢাকা রুটে বাসে চাঁদাবাজির অভিযোগ, চাঁদা না দেওয়ায় গাড়ি আটক

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

ছবি: মনোযোগ প্রকাশ

কুড়িগ্রামের রৌমারী-ঢাকা রুটে চলাচলকারী দূরপাল্লার বাসগুলোতে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। প্রতিদিনের নির্ধারিত চাঁদার পাশাপাশি নতুন গাড়ি নামালেই মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট পরিবহন মালিকরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ও কাউন্টার বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটছে।

ভুক্তভোগী বাস মালিক আব্দুল মতিন, যিনি শাওন পরিবহনের মালিক, অভিযোগ করেন—রৌমারী বাস শ্রমিক সংগঠনের নামে একটি সংঘবদ্ধ চক্র এ চাঁদা আদায় করছে। তার দাবি, দীর্ঘদিন ধরে রৌমারী থেকে ঢাকার মহাখালী রুটে তার ছয়টি বাস চলাচল করছে। যাত্রী চাহিদা বাড়ায় তিনি আরও দুটি নতুন বাস যুক্ত করেন, যা কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির অনুমোদনপ্রাপ্ত। কিন্তু এরপরই শ্রমিক সংগঠনের কিছু নেতাকর্মী নতুন গাড়ি চালাতে বাধা দেন।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রৌমারী বাজারের ইসলামী ব্যাংকের সামনে অবস্থিত শাওন পরিবহনের কাউন্টারে ৫-৭ জনের একটি দল এসে চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা একটি বাস আটকে দেয় এবং কাউন্টার বন্ধের নির্দেশ দেয়।

শাওন পরিবহনের সুপারভাইজার আফছার আলী জানান, নতুন কোনো বাস এই রুটে চালু করতে চাইলে শ্রমিক সংগঠনকে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত দিতে হয়। এছাড়া প্রতিদিন প্রতিটি বাস থেকে ৪২০ টাকা করে আদায় করা হয়, যা মাসে কয়েক লাখ টাকায় দাঁড়ায়। তার দাবি, দেশের অন্য কোথাও এমন নিয়ম না থাকলেও রৌমারীতে এই অবৈধ চাঁদাবাজি চলছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক সংগঠনের কার্যকরী সহ-সভাপতি জিন্নাত আলী। তিনি বলেন, “আমরা কাউন্টারে গিয়েছিলাম, তবে চাঁদা দাবির বিষয়টি সত্য নয়।”

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, বাস কাউন্টারে কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি।

এলাকাবাসী ও পরিবহন সংশ্লিষ্টরা দ্রুত এ ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে যাত্রীসেবা স্বাভাবিক রাখা যায় এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970