বিয়ের আশায় লিঙ্গান্তর, শেষ পর্যন্ত ভাঙল ১৭ বছরের প্রেম

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় দীর্ঘ ১৭ বছরের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার এক হৃদয়স্পর্শী ঘটনা সামনে এসেছে। স্কুলজীবন থেকে গড়ে ওঠা এই সম্পর্ক শেষ পর্যন্ত প্রতারণা ও হতাশার মধ্য দিয়ে করুণ পরিণতি পেয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২৯ বছর বয়সী নৃত্যশিল্পী ফিরোজ আহমেদ জানান, তার দীর্ঘদিনের প্রেমিক বিপ্লব হোসেন বিয়ের আশ্বাস দেন। সেই বিশ্বাসে তিনি পুরুষ থেকে নারী হওয়ার জন্য ভারতে গিয়ে অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা নেন। তবে চিকিৎসা চলাকালীন সময়েই বিপ্লব দেশে অন্য এক নারীকে বিয়ে করে সংসার শুরু করেন।

দেশে ফিরে বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন ফিরোজ। তিনি দাবি করেন, প্রেমিকের প্রতিশ্রুতির ওপর ভরসা করেই জীবনের এমন বড় সিদ্ধান্ত নিয়েছিলেন।

ফিরোজ আরও অভিযোগ করেন, সম্পর্কের সময়ে নৃত্যশিক্ষকতা ও অন্যান্য কাজ থেকে উপার্জিত প্রায় ৫০ লাখ টাকা তিনি বিপ্লবের হাতে তুলে দেন। তার দাবি, ওই অর্থ আত্মসাৎ করে বিপ্লব ও তার পরিবার বাড়ি ও গাড়ি কিনেছে।

জানা গেছে, ফিরোজ রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোত কাদিরপুর গ্রামের বাসিন্দা। তিনি সাভার শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে নৃত্য শিক্ষক হিসেবে কাজ করছেন। পাশাপাশি একটি নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং তৃতীয় লিঙ্গের মানুষের উন্নয়নে একটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

অন্যদিকে অভিযুক্ত বিপ্লব হোসেন একই উপজেলার বানিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে বরিশালে একটি প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

ফিরোজ জানান, নবম শ্রেণিতে পড়াকালীন সময় থেকেই তাদের সম্পর্কের শুরু। পারিবারিক কারণে দীর্ঘদিন বিপ্লব তার বাড়িতে বসবাস করেছেন এবং তাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো ছিল, যা দুই পরিবার ও স্থানীয়দের কাছেও পরিচিত ছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফিরোজ তার দেওয়া অর্থ ফেরত এবং প্রতারণার বিচার দাবি করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970