৩ হাজার হাদিস মুখস্থ শুনিয়ে নজির গড়লেন ছারছীনা মাদ্রাসার শিক্ষার্থী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম
বরিশালের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছারছীনা দ্বীনিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী একসঙ্গে তিন হাজার হাদিস মুখস্থ শুনিয়ে বিরল কৃতিত্ব অর্জন করেছেন। এ অর্জনে শিক্ষক ও সহপাঠীদের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে।
এই শিক্ষার্থীর নাম মুহাম্মদ ইমরান ফারুক। তিনি বর্তমানে মাদ্রাসাটির ইফতা বিভাগে অধ্যয়নরত। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় ও গভীর মনোযোগের মাধ্যমে তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেন।
সম্প্রতি এক বিশেষ আসরে তিনি ধারাবাহিকভাবে তিন হাজার হাদিস মুখস্থ শুনিয়ে উপস্থিত আলেমদের বিস্মিত করেন। মাদ্রাসা কর্তৃপক্ষের মতে, হাদিস শাস্ত্রে এত বিপুল সংখ্যক বর্ণনা নির্ভুলভাবে মুখস্থ রাখা অত্যন্ত কঠিন ও দীর্ঘ সাধনার বিষয়।
শিক্ষকরা জানান, ইমরান ফারুক শুরু থেকেই মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে পরিচিত। তার এই অর্জন ভবিষ্যতে তাকে একজন দক্ষ মুহাদ্দিস হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
সহপাঠীরাও তার সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। অনেকেই তাকে অনুসরণ করে হাদিস শিক্ষায় আরও মনোযোগী হওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন। ধর্মীয় মহল মনে করছে, এই অর্জন দেশের মাদ্রাসা শিক্ষার মান ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে।