গাজীপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম
গাজীপুরে এক বিরল ঘটনার মধ্য দিয়ে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ মাসুমা আক্তার। জন্মের পর মা ও পাঁচ নবজাতকই সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। নবজাতকদের মধ্যে তিনজন কন্যা ও দুইজন পুত্র সন্তান রয়েছে। এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নবজাতকদের এক নজর দেখতে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
শনিবার দুপুরে গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামের নিজ বাড়িতে পরিবারের সদস্যরা মা ও নবজাতকদের নিয়ে যান।
বর্তমানে শিশুদের নিজ বাড়িতেই বিশেষ যত্নে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে চিকিৎসকদের একটি দল কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে গত ৫ এপ্রিল রাজধানীর একটি সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম হয়। নির্ধারিত সময়ের আগেই প্রসব বেদনা শুরু হলে উন্নত চিকিৎসার জন্য পরিবারটি রাজধানীতে যায়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং একে একে পাঁচ সন্তান জন্মগ্রহণ করে।
শিশুদের বাবা কাজল মিয়া জানান, এমন ঘটনা তিনি কখনো কল্পনাও করেননি। স্ত্রী ও পাঁচ সন্তান সুস্থভাবে বাড়ি ফিরতে পারায় তিনি অত্যন্ত আনন্দিত।
এদিকে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক কামরুজ্জামান সেলিম জানান, পাঁচ নবজাতক ও তাদের মায়ের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা শেষে স্থিতিশীল পাওয়া গেছে। নবজাতকদের মোট ওজন প্রায় আট কিলোগ্রাম এবং প্রতিটি শিশুর ওজন দেড় কিলোগ্রামের বেশি। এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল বলে তিনি মন্তব্য করেন।