বরিশালে চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের ওপর শ্রমিকদল নেতার হামলা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় চাঁদা না পেয়ে এক পল্লী চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল নেতার বিরুদ্ধে। রোববার রাত ৮টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই চিকিৎসককে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

অভিযোগ অনুযায়ী, বিশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘নাহার মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক নাছির উদ্দিন মিলনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন স্থানীয় শ্রমিকদল নেতা জিয়া সরদার ও তার সহযোগীরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয়। এ সময় দোকানের ক্যাশে থাকা নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী নাছির উদ্দিন মিলন জানান, গত প্রায় দুই বছরে বিভিন্ন সময়ে ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত একাধিকবার তার কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হয়েছে। সর্বশেষ চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বেধড়ক মারধর করা হয়।

রোববার রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে বিশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম সাজ্জাদ বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি জানান, ভুক্তভোগী তার আত্মীয় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জিয়া সরদার। তিনি দাবি করেন, পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে এক রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসার ক্ষতিপূরণ দাবি করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম বলেন, বিষয়টি শুনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970