নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, যুবদল নেতা কারাগারে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় চাঁদা না পেয়ে এক বৃদ্ধকে নির্মমভাবে পিটিয়ে ও সেতু থেকে খালে ফেলে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. লিটন চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার রাত ১১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। লিটন চৌধুরী নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল সকাল ১১টার দিকে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আবদুল হাই (৭৫) নিজের জমিতে নির্মাণকাজ শুরু করলে লিটন চৌধুরীর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা তার ও তার দুই ছেলের ওপর হামলা চালায়।

একপর্যায়ে আবদুল হাইকে বেধড়ক মারধর করে সেতু থেকে খালের মধ্যে ফেলে দেওয়া হয়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. সুমন বাদী হয়ে লিটন চৌধুরীসহ ছয়জনকে আসামি করে সুধারাম মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে রায়পুর থেকে গ্রেপ্তার করে।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার সকালে কেন্দ্রীয় যুবদল তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970