করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পিএম
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ছালেহা বেগম (৪০) একই ইউনিয়নের ছোটধনতোলা এলাকার বাসিন্দা ও বদিয়া মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে বংশিপাড়া এলাকার ফরহাদ হোসেনের জমি থেকে করলা চুরির সময় ছালেহা বেগমকে হাতেনাতে আটক করেন জমির মালিক ও স্থানীয়রা। পরে বিষয়টি তার পরিবারকে জানানো হলে স্বামী বদিয়া মিয়া ঘটনাস্থলে এসে তাকে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
জমির মালিক ফরহাদ হোসেন বলেন, “আমার জমি থেকে প্রায়ই করলা চুরি হয়। এদিন গোপনে নজরদারি করে ছালেহাকে এক বস্তা করলাসহ আটক করি। পরে তার স্বামীকে খবর দিলে তিনি এসে তাকে পিটিয়েছেন।”
এ বিষয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন জানান, “এক নারীকে করলাসহ আটক করা হয়। পরে তার স্বামী এসে শাসন করে তাকে বাড়িতে নিয়ে যান।”
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এমন নির্মম আচরণের নিন্দা জানিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী বলেন, “ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।