বৃষ্টি নামতেই বজ্রপাতের তাণ্ডব, একদিনে অন্তত ১৪ জনের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পিএম

ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের পর শুরু হওয়া বৃষ্টির সঙ্গে বজ্রপাতে রোববার (২৬ এপ্রিল) দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে গাইবান্ধায় পাঁচজন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে দুজন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে একজন করে রয়েছেন। দিনজুড়ে পৃথক এসব ঘটনায় বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একটানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা দাবদাহের পর রাজধানীসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। তবে এর সঙ্গে বেড়েছে বজ্রপাতের ঘটনাও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসের বাকি সময়েও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে, এতে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।

গাইবান্ধায় বিকেলে বজ্রপাতে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামে তিনজন, ফুলছড়ি উপজেলার দেলুয়াবাড়ি গ্রামে একজন এবং সাঘাটা উপজেলার হেলেঞ্চা গ্রামে একজন মারা যান। নিহতরা হলেন ফুয়াদ চৌধুরী (১০), রাফি চৌধুরী (১৫), মিজান মিয়া (২০), মানিক মিয়া (২৫) ও নম্বার আলী (৬৫)। এ ঘটনায় শামীম মিয়া নামে একজন আহত হন এবং একটি গবাদিপশুও মারা যায়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াস আলী (৩৭) বজ্রপাতে নিহত হন। বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বজ্রপাতে দুই কৃষক—হোসেন আলী সেখ (২৫) ও আবদুল হামিদ (৫০)—প্রাণ হারান। তারাও বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন।

জামালপুরে পৃথক ঘটনায় মর্জিনা বেগম (২২) ও হাসমত আলী (৪৫) মারা যান। এ সময় আরও চারজন আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় পাঁচটি গবাদিপশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সোহরাওয়ার্দী (২২) নামে এক চা-শ্রমিক বজ্রপাতে নিহত হন। এতে আরও দুই শ্রমিক আহত হন।

নাটোরের সিংড়া উপজেলায় সম্রাট হোসেন (২৬) নামে এক ধানকাটা শ্রমিক বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বগুড়ার গাবতলী উপজেলায় সুমন (৩৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হন। বৃষ্টির সময় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970