‘তুই চুরি করবি আমারে না বলে করলি কেন’, দুই নেতার ফোনালাপ ফাঁস

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:০৪ পিএম

ছবি: সংগৃহীত

জামালপুরে শ্রমিক দল ও মৎস্যজীবী দলের দুই নেতার মধ্যে ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

রোববার (৩ মে) ‘ইকতিয়ার হোসেন সাগর’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রায় এক মিনিটের ওই অডিওটি প্রকাশ করা হলে বিষয়টি দ্রুত জেলাজুড়ে ছড়িয়ে পড়ে এবং নানা প্রতিক্রিয়া দেখা যায়।

ভাইরাল হওয়া অডিওতে শুরুতেই জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমকে সালাম জানাতে শোনা যায়। জবাবে জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবহান ক্ষোভ প্রকাশ করে তাকে ‘চোর’ বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, অন্যদের জিনিস চুরি করে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে এবং এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অডিওতে আব্দুল হালিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভাই, কারে বলতাছেন? আপনার সঙ্গে তো আমার এই ধরনের সম্পর্ক না, আপনি ভালোভাবে কথা বলেন।’ জবাবে ক্ষুব্ধ হয়ে আব্দুস সোবহান বলেন, ‘আমি কোনো সম্পর্ক মানি না। আমার হাজার হাজার নেতাকর্মীর সামনে অপমান করে সম্পর্ক দেখানোর দরকার নাই। তুই চুরি করছোস, তুই আমারে বলে চুরি করলি না কেন।’

পরে আব্দুল হালিম বলেন, ‘এই বিষয়টা আমিনুল আর শাহিন মাস্টারকে বলেন, আমারে কেন বলতেছেন।’

অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে আব্দুল হালিম বলেন, অডিওতে যা আছে সেটাই তার বক্তব্য, এ নিয়ে নতুন করে কিছু বলার নেই।

অন্যদিকে শেখ মো. আব্দুস সোবহান দাবি করেন, বালুঘাটের ইজারা সংক্রান্ত বিড জমা দেওয়া নিয়ে বিরোধের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সবাই মিলে আব্দুল হালিমকে বিড জমা না দিতে বললেও তিনি অন্যদের কাগজ লুকিয়ে রেখে নিজের মতো করে জমা দেন। এতে ক্ষোভ থেকেই ওই কথোপকথন হয়েছে বলে জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970