আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ দেয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:০৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অনলাইন আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা আশরাফুল হক ওরফে আশরাফুল ভেড়ী। তিনি রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। আগামী পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী বলেও জানা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক ব্লগারের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইনে আম কেনাবেচার ক্ষেত্রে অনেক সময় অগ্রিম টাকা পাঠাতে হয়, এতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থার সংকট তৈরি হয়। এ সমস্যা সমাধানে অনলাইন আম বিক্রেতাদের জন্য একটি বিশেষ কার্ড ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থার সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অনলাইন বাণিজ্য আরও নিরাপদ হবে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি মোবাইল ফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, আম আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ অর্থকরী সম্পদ। এই সম্পদকে রক্ষা ও উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, আমের উৎপাদন, বিপণন ও অনলাইন বাণিজ্যকে আরও সংগঠিত করতে ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।