মায়ের জন্য খিচুড়ি আনতে বের হয়ে নিখোঁজ, কক্সবাজার থেকে উদ্ধার বরিশালের স্কুলছাত্র
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:০৬ পিএম
বরিশাল নগরীতে মায়ের জন্য খিচুড়ি কিনতে বের হয়ে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শানকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে বরিশালে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হওয়া শানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আনা হয়। এ সময় তার মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হোসেন সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
পুলিশ জানায়, গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে শান মায়ের মোবাইল ফোন নিয়ে বাসা থেকে খিচুড়ি কিনতে বের হয়। এরপর ভাটিখানা মন্দির এলাকার একটি মোবাইল ব্যাংকিং দোকান থেকে ৮ হাজার টাকা উত্তোলন করে। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ঘটনার পর একাধিক দল গঠন করে পুলিশ অনুসন্ধান শুরু করে। টানা তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ মে তাকে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শান জানায়, টাকা উত্তোলনের পর খিচুড়ির অর্ডার দিয়ে বাইরে হাঁটাহাঁটি করার সময় এক ব্যক্তি তার কাছে একটি কাগজ দিয়ে ঠিকানা জানতে চায়। এরপর কী ঘটেছে তা তার মনে নেই বলে সে জানায়।
শানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে তার পরিবার। ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় তারা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে নিখোঁজ হওয়ার চার দিন পর কক্সবাজারের ঈদগাঁও এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে বরিশালে এনে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।