সালিশে বিচ্ছেদের নির্দেশ, প্রেমিক-প্রেমিকার কান্নায় ভেঙে পড়ার দৃশ্য ভাইরাল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:২০ পিএম

ছবি: সংগৃহীত

ভালোবেসে বিয়ে করার স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিল এক প্রেমিক যুগল। কিন্তু সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায় তরুণীর পরিবার। বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় অপহরণ মামলায় এবং পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে।

ঘটনাটি কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়ন পরিষদে ঘটে। প্রেমিক কবির হোসেন (১৯) একই উপজেলার বন্দবেড় ইউনিয়নের পদ্মার চর এলাকার বাসিন্দা। প্রেমিকা রৌমারী ইউনিয়নের এক তরুণী।

জানা যায়, গত ২৭ এপ্রিল তারা বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তরুণীর মা আজিরন বেগম ৩ মে রৌমারী থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলার পর ৭ মে স্থানীয় ইউনিয়ন পরিষদে পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা করা হয়। সেখানে সিদ্ধান্ত আসে, দুজনকে আলাদা হয়ে যেতে হবে এবং নিজেদের ভুলে যেতে হবে। কিন্তু এই সিদ্ধান্ত কেউই মেনে নিতে রাজি হয়নি।

সালিশে প্রেমিক-প্রেমিকা একে অপরকে ছেড়ে যেতে না চাইলে সেখানে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত লোকজনের টানাহেঁচড়া এবং চারপাশের চাপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।

রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, দুই পরিবার সম্মত হয়ে বৈঠকে বসেছিল। কিন্তু ছেলে-মেয়ে কেউই আলাদা হতে রাজি হয়নি, ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে পুলিশ তাদের নিয়ে যায়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী জানান, ঘটনাস্থল থেকে পরবর্তীতে তাদের থানায় আনা হয় এবং অপহরণ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রামে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970