নারায়ণগঞ্জে নৌ পুলিশের টহল নৌযান ও বাল্কহেডের সংঘর্ষ, এক পুলিশ সদস্য নিহত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:১৫ পিএম
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ পুলিশের টহল নৌযান ও বাল্কহেডের মধ্যে সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে।
নিহত মহসিন সরদারের বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামে। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে।
জানা যায়, নারায়ণগঞ্জ নৌ পুলিশ অঞ্চলের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল ডাকাতি প্রতিরোধে রাতের টহলে বের হয়। টহলের সময় তাদের নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে উল্টে যায়।
দুর্ঘটনার পর টহল দলের সদস্যরা সাঁতরে একটি বাল্কহেডে উঠে প্রাণ রক্ষা করেন। তবে সংঘর্ষে কনস্টেবল মো. মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ নৌ-সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পুলিশ সদস্যের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।