কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি নিহত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:৪৪ এএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক কলেজছাত্রসহ দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে কসবা উপজেলার ধজনগর সীমান্তের ভারত অংশে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন মো. মোরছালিন (২২)। তিনি কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে এবং স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তবে নিহত মোরছালিনের পরিবারের দাবি, রাতে কয়েকজন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে সীমান্তে নিয়ে যায়। পরে ভারতীয় অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে মোরছালিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
পরিবারের অভিযোগ, গুলিবিদ্ধ হওয়ার পর তার মরদেহ ভারতীয় সীমান্তের ভেতরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গত রাতে আনুমানিক ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহযোগিতায় সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের টহল দল তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন।
তিনি আরও জানান, আহতদের মধ্যে একজন মো. মোরছালিন (২২) এবং আরেকজন চিকিৎসাধীন অবস্থায় ভারতের হাসপাতালে মারা যান।
বর্ডার গার্ড বাংলাদেশ বলেছে, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একই সঙ্গে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।