জামালপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো বিএনপি কার্যালয়
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:০৯ পিএম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দলীয় কার্যক্রম পরিচালনার জন্য নতুন বাজার এলাকায় ২ নম্বর ওয়ার্ড বিএনপির একটি কার্যালয় স্থাপন করা হয়েছিল। তবে বোরো ধান কাটার মৌসুমে ব্যস্ততার কারণে গত তিন দিন ধরে কার্যালয়টি বন্ধ ছিল।
শনিবার সকালে সুলতান ভূঁইঞা নামে এক ব্যক্তি বাজারে একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে কার্যালয়ের বাইরের তালা খোলা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, অফিসের ব্যানার, ফেস্টুন, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।
খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ. মজিদ ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন যৌথ বিবৃতিতে বলেন, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, কোনো দুর্বৃত্ত চক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।