১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:২৯ পিএম
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৬ মে) সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
হস্তান্তর কার্যক্রমটি হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের তেলিখালি সীমান্তের ধোপাঝুড়ি এলাকার ১১২০ নম্বর সীমান্ত পিলারের কাছে অনুষ্ঠিত হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মুক্তার হোসেন, শাহজামাল হক, আনিসুর রহমান, কামাল হোসেন, শ্রী সিপেন, ইব্রাহীম আলী, নওশাদ আলী, আকবর আলী, জহিরুল ইসলাম ও শাকিম উদ্দিন।
জানা গেছে, গত ১৪ মে রাজশাহী সীমান্ত দিয়ে পাসপোর্ট ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের সময় মেঘালয় পুলিশ তাদের আটক করে। পরে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের ভিত্তিতে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ভারতের ২২ বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্পের সদস্যরা আটক বাংলাদেশিদের তেলিখালি বিজিবি ক্যাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আলম জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।