৩৭ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী, আদালতে মামলা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই অন্যত্র বিয়ে এবং প্রায় ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় কুয়েত প্রবাসী স্বামী আদালতে মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার পার্কপাড়া এলাকার আবুবক্কর খাঁর ছেলে শাহিন খান লিটুর সঙ্গে অভিযুক্ত নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তারা বিয়ে করেন। বিয়ের পর স্ত্রী’র পড়াশোনা, ভরণপোষণ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য চাহিদা পূরণে বিপুল অর্থ ব্যয় করেন প্রবাসী স্বামী।

ভুক্তভোগীর অভিযোগ, তার সরলতার সুযোগ নিয়ে স্ত্রী প্রতারণা করেছেন। মামলার তথ্যমতে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর স্বামীকে তালাক দিলেও দীর্ঘদিন সেই নোটিশ গোপন রাখা হয়। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তালাকের নোটিশ পাঠানো হয়।

অভিযোগে আরও বলা হয়, তালাকের বিষয়টি গোপন রেখেই অভিযুক্ত নারী কৌশলে প্রবাসী স্বামীর কাছ থেকে আরও কয়েক লাখ টাকা আদায় করেন। সব মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৩৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি বাদীর।

এদিকে, তালাক কার্যকর হওয়ার আগেই ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি ওই নারী দ্বিতীয় বিয়ে করেন বলেও অভিযোগ উঠেছে। যা দেশের প্রচলিত আইন অনুযায়ী অবৈধ বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩৬৬/২৫।

ভুক্তভোগী শাহিন খান লিটু বলেন, বিদেশে কঠোর পরিশ্রম করে উপার্জিত সব অর্থ বিশ্বাস করে স্ত্রীর কাছে পাঠিয়েছিলাম। কিন্তু সেই বিশ্বাস ভেঙে আমার সংসার ধ্বংস করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ফুরকান আলী বলেন, আদালতে প্রয়োজনীয় তথ্য ও সাক্ষ্য-প্রমাণ জমা দেওয়া হয়েছে। তালাক কার্যকর হওয়ার আগেই দ্বিতীয় বিয়ে এবং অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে স্পষ্ট তথ্য রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদিউজ্জামান। তিনি দাবি করেন, প্রবাসে যাওয়ার পর শাহিন খান স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে বাধ্য হয়ে আইনগত প্রক্রিয়া মেনে তালাক দেওয়া হয় এবং পরবর্তীতে বৈধভাবে দ্বিতীয় বিয়ে করা হয়েছে।

ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বর্তমানে মামলাটি ঝিনাইদহ আদালতে বিচারাধীন রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970