ফেসবুকে ৫ দিনের প্রেম: প্রবাসীর স্ত্রীর ঘরে যুবক আটক, বিয়েতে নারাজ গৃহবধূ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:২৭ পিএম
ফেসবুকে মাত্র পাঁচ দিনের পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানেই প্রবাসীর স্ত্রীর বাড়িতে ছুটে আসেন নীরব (২০) নামে এক যুবক। পরে স্থানীয়দের হাতে দুজনকে একই ঘর থেকে আটক করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গারোডোবা এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক নীরব পাশের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের মুসুদ্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুবাইপ্রবাসী রাহীমের স্ত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নীরবের। মাত্র পাঁচ দিনের সেই পরিচয় দ্রুত প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নীরব ওই নারীর সঙ্গে দেখা করতে তার শ্বশুরবাড়িতে যান। সেখানে তিনি নিজেকে খালাতো ভাই পরিচয় দেন।
জানা গেছে, রাহীম ছুটিতে এসে রাবেয়া আক্তার লাবণীকে বিয়ে করেন। কয়েক মাস পর আবারও দুবাই ফিরে গেলে বাড়িতে বৃদ্ধ বাবা ও স্ত্রী লাবণী বসবাস করতেন।
অভিযোগ রয়েছে, লাবণীর ডাকে নীরব শ্বশুরবাড়িতে আসেন। রাতে খাবার শেষে তাকে আলাদা কক্ষে ঘুমানোর ব্যবস্থা করা হয়। পরে গভীর রাতে লাবণী ওই কক্ষে গেলে বিষয়টি টের পান প্রতিবেশীরা। পরে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করে একই ঘর থেকে দুজনকে আটক করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এ সময় নীরব ওই নারীকে বিয়ে করতে রাজি থাকলেও লাবণী এতে অসম্মতি জানান। তার দাবি, মাত্র পাঁচ দিনের পরিচয়ের কারণে তিনি সংসার ভাঙতে চান না।
স্থানীয় কয়েকজন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের সম্পর্ক কখনো কখনো এমন পরিস্থিতির জন্ম দিচ্ছে, যা পরিবার ও সমাজে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করছে।
এদিকে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।